BJP Rajya Committee West Bengal : ২০২৬-এর লক্ষ্যে শমীকের নতুন টিম : একঝাঁক নতুন মুখ নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে গেরুয়া শিবির।

new bjp state committee

Share:

ব্যুরো নিউজ, ৭ই জানুয়ারী ২০২৬ : আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য কমিটিতে বড়সড় রদবদল ঘটাল ভারতীয় জনতা পার্টি। বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পশ্চিমবঙ্গ ইউনিটের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। অভিজ্ঞ এবং নতুন প্রজন্মের সংমিশ্রণে তৈরি এই কমিটিতে একঝাঁক পরিচিত মুখকে গুরুদায়িত্ব দেওয়া হলেও, বাদ পড়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

নেতৃত্বে শমীক ভট্টাচার্য, সহ-সভাপতি পদে নিশীথ-অগ্নিমিত্রারা

রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে আগেই রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিল দল। এবার তাঁর নেতৃত্বে নতুন কমিটি সাজানো হয়েছে। তালিকায় ১২ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য যে, তৃণমূল থেকে আসা তাপস রায়কেও সহ-সভাপতি পদে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া এক সময় দল থেকে ব্রাত্য হয়ে পড়া রাজু বন্দ্যোপাধ্যায়কেও ফের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে।

সাধারণ সম্পাদক ও সম্পাদক পদে নতুন বিন্যাস

রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং বাপি গোস্বামী। সম্পাদক হিসেবে শঙ্কর ঘোষ, সোনালী মুর্মু এবং আমলান ভাদুরীর মতো নেতাদের জায়গা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে সংগঠনকে আরও গতিশীল করতেই এই রদবদল।

বড় চমক: কমিটির বাইরে দিলীপ-শুভেন্দু-সুকান্ত

এই নতুন কমিটির সবথেকে আলোচিত বিষয় হলো প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের অনুপস্থিতি। যদিও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার গুরুদায়িত্বে রয়েছেন, তবুও কমিটির মূল ৩৫ জনের তালিকায় তাঁর নাম না থাকা নিয়ে চর্চা শুরু হয়েছে। দিলীপ ঘোষকে সম্প্রতি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু নতুন কমিটিতে তাঁর জায়গা না হওয়া রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করেছে। তবে দলীয় সূত্রে খবর, যারা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন, তাঁদের অনেককেই সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং সব থেকে গুরুত্ব পূর্ণ কারণ , বিজেপি একটি ব্যেক্তির , একটি পদে বিশ্বাসী ।

Amit Shah vs Mamata Banerjee : ২০২৬-এর আগে ‘মহাভারত’ রণক্ষেত্র: শাহ-মমতা বাকযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি

মোর্চা নেতৃত্বেও রদবদল

মোরচা স্তরেও বড় বদল আনা হয়েছে:

  • যুব মোর্চা: ইন্দ্রনীল খাঁ

  • মহিলা মোর্চা: ফাল্গুনী পাত্র

  • সংখ্যালঘু মোর্চা: আলি হোসেন

  • এসটি (ST) মোর্চা: খগেন মুর্মু

নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপ

রাজ্যে বর্তমানে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তার আগেই নিজেদের ঘর গুছিয়ে নিয়ে একক শক্তিতে লড়াইয়ের বার্তা দিচ্ছে বিজেপি।