পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরে পদত্যাগের হিড়িক: নতুন সরকারের সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়ুয়া ও নিয়োগ প্রক্রিয়া

পশ্চিমবঙ্গে নতুন সরকারের সিদ্ধান্তে শিক্ষা দফতরে পদত্যাগের হিড়িক। স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের মেয়াদ বাতিল হওয়ায় নিয়োগ ও পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত।

Share:

ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পরই রাজ্য শিক্ষা দফতরে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশন (SSC) সহ বিভিন্ন শিক্ষা বোর্ড ও নিয়োগ সংস্থার মনোনীত সভাপতি এবং চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে স্কুল ও উচ্চশিক্ষার স্বশাসিত সংস্থাগুলি থেকে সভাপতি, চেয়ারপার্সন এবং সচিবরা পদত্যাগ শুরু করেছেন। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মনোনীত সদস্যদেরও অপসারণ করা হয়েছে।

শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের (WBBSE) অ্যাডহক কমিটির প্রধান রামানুজ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সন সিদ্ধার্থ মজুমদারও পদত্যাগ করবেন বলে জানা গেছে। এই পদত্যাগের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গভীর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে, নবম-দশমের নথি যাচাই ও শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষাও হয়েছে।

অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের মুখে। এই পরিস্থিতিতে এসএসসি-র চেয়ারপার্সনের পদত্যাগ নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করতে পারে। শিক্ষক ও পড়ুয়া উভয়ের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনে এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হয়, সেটাই এখন দেখার।