জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, শাস্তিমূলক পদক্ষেপ ও সিদ্ধান্ত বাতিলের দাবি

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। একনায়কত্বের অভিযোগ তুলে তাঁর সব সিদ্ধান্ত বাতিল ও শাস্তির দাবি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: নির্বাচন কমিশনে বিতর্ক এবার সুপ্রিম কোর্টের আঙিনায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘোরতর অনিয়মের অভিযোগ তুলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর মূল দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ করা হোক এবং নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নেওয়া সমস্ত সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন, যা নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য নির্বাচন কমিশনারদের সম্পূর্ণ উপেক্ষা করে একনায়কের মতো সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে নির্দেশিকা জারি করেছেন এবং ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য যে নতুন সফটওয়্যার আমদানি করেছেন, তার কোনওটিতেই অন্য দুই নির্বাচন কমিশনারের পূর্বানুমতি বা সম্মতি ছিল না। এই ধরনের একতরফা সিদ্ধান্ত গ্রহণ জনপ্রতিনিধি আইনের পরিপন্থী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করা হয়েছে। মামলাকারী শুধু জ্ঞানেশ কুমার নন, এই ঘটনায় সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গার্গ এবং কমিশনের ডিরেক্টর জেনারেল আইটি সীমা খান্নার বিরুদ্ধেও জনপ্রতিনিধি আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই মামলার ফলে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কার্যকারিতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সুপ্রিম কোর্ট এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।