ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: একদিকে যতদূর চোখ যায় সাদা লবণের মরুভূমি, অন্যদিকে লোকসংগীত, নাচ, রঙিন হস্তশিল্প আর গুজরাটের ঐতিহ্যবাহী খাবার! শীতের মরশুমে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে গুজরাটের বিখ্যাত রণ উৎসব। ২০২৬-২৭ মরশুমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বর্ণময় উৎসব। আগামী ৭ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে রণ উৎসব।
গুজরাটের কচ্ছ জেলার ধোরদো গ্রামে, গ্রেট রণ অব কচ্ছের সাদা মরুভূমিকে কেন্দ্র করে আয়োজিত হয় এই উৎসব। বিশেষ করে পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সাদা লবণের প্রান্তরের অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।
কী কী দেখতে পাবেন? উৎসবে রয়েছে গুজরাটি লোকসংগীত, গরবা, ডান্ডিয়া রাস, লোকনৃত্য, উটের সফর, মরুভূমিতে অ্যাডভেঞ্চার এবং স্থানীয় শিল্পীদের তৈরি নানা হস্তশিল্প। আজরাখ প্রিন্ট, বান্ধনি, কচ্ছি এমব্রয়ডারি ও রগন আর্টের মতো ঐতিহ্যবাহী শিল্পকর্মও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। খাবারের তালিকায় থাকছে কচ্ছি ও গুজরাটি বিশেষ পদ।
কোথায় থাকবেন? পর্যটকদের জন্য রয়েছে টেন্ট সিটির বিশেষ থাকার ব্যবস্থা। সুইস কটেজ থেকে শুরু করে প্রিমিয়াম টেন্ট এবং বিলাসবহুল রাজওয়াড়ি ও দরবারি স্যুট—বিভিন্ন ধরনের থাকার সুযোগ রয়েছে।
কখন যাবেন? পূর্ণিমার বিশেষ রাতগুলি হল ২৩-২৫ নভেম্বর ২০২৬, ২২-২৪ ডিসেম্বর ২০২৬, ২১-২৩ জানুয়ারি ২০২৭ এবং ১৯-২১ ফেব্রুয়ারি ২০২৭। এই সময় চাঁদের আলোয় সাদা মরুভূমির সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়।









