ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: নবান্নে কর্মরত আধিকারিক ও কর্মীদের হাজিরা এবার ফেস রিকগনিশন বায়োমেট্রিক ব্যবস্থায় নথিভুক্ত হবে। প্রশাসনিক কাজের দক্ষতা ও সময়ানুবর্তিতা বাড়ানো এবং উপস্থিতির তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের লক্ষ্যে এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর। অর্থ দফতরের অডিট শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, নবান্নে আগামী ১৫ জুন ২০২৭ থেকে নতুন নিয়ম বাধ্যতামূলক হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দফতরের প্রধানদের বাদ দিয়ে নবান্নের সমস্ত আধিকারিক ও কর্মীকে অফিসে ঢোকার সময় এবং বেরোনোর সময় ফেস রিকগনিশন ডিভাইসে হাজিরা নথিভুক্ত করতে হবে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে হাজিরা দিলে তা দেরি হিসেবে ধরা হবে। সকাল ১১টার পরে হাজিরা দিলে কর্মীকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ছাড়লেও তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে নথিভুক্ত হবে। বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছাড়লে এই নিয়ম কার্যকর হবে। একই দিনে দেরিতে অফিসে আসা এবং নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। সেই ক্ষেত্রে এক দিনের ক্যাজুয়াল লিভ বা CL কাটা যাবে।
নবান্ন সূত্রের খবর, অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক হাজিরা নথিভুক্ত না হলেও অনুপস্থিতি হিসেবে ধরা হবে। প্রতি তিন দিনের দেরিতে আসা বা আগেভাগে বেরোনোর জন্য এক দিনের CL অথবা CCL কাটা হবে। শুধু নবান্নেই নয়, রাজ্যের অন্যান্য সরকারি দফতরেও ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে সেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।









