ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: বাজারে চালের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী! সাধারণ মানুষের পকেটে চাপ কমাতে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। চাল ও ধানের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, বড় রিটেল চেন এবং চালকল মালিকদের জন্য বাধ্যতামূলক করা হল মজুতের হিসাব জমা দেওয়া। এবার থেকে প্রতি শুক্রবার সরকারি ফুড স্টক পোর্টালে চাল ও ধানের মজুতের পরিমাণ জানাতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, বাসমতি, নন-বাসমতি প্রিমিয়াম, সাধারণ নন-বাসমতি, সেদ্ধ চাল, ভাঙা চাল এবং ধান—এই ছয়টি বিভাগে মজুতের হিসাব দিতে হবে। নিয়ম না মানলে অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৫-এর ৬ ও ৭ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে।
শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরল, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাকে চাল ও ধানের মজুতে সীমা নির্ধারণের অনুমতিও দিয়েছে কেন্দ্র। এই ব্যবস্থা ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে।
এদিকে বাজারে চালের জোগান বাড়াতে ‘ভারত রাইস’-এর অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে এই চাল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবর্ষে ওপেন মার্কেট সেল স্কিমের আওতায় চাল বিক্রির লক্ষ্যমাত্রা ২৫ লক্ষ টন থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বরে খুচরো চালের মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২৫ শতাংশে। অন্যদিকে, দুর্বল ও অনিয়মিত বর্ষণের জেরে ২০২৬-২৭ মরশুমে ধান চাষের জমির পরিমাণও প্রায় ৪ শতাংশ কমেছে।
এবার কেন্দ্রের এই পদক্ষেপে চালের বাজারে স্বস্তি ফেরে কি না, সেটাই দেখার।









