নামের ভুলে এক বছর জেল! আসল অপরাধী কানাডায়, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

ভুল পরিচয়ে অস্ত্র মামলায় এক বছরের বেশি জেল খাটার পর মো. আলমাসকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: অপরাধ না করেও প্রায় এক বছর জেলবন্দি! শুধু নামের মিলের কারণে অন্যের অপরাধের শাস্তি ভোগ করতে হল বাংলাদেশের এক নিরপরাধ ব্যক্তিকে। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিল বাংলাদেশের হাইকোর্ট।

ঘটনাটি ঢাকার দোহার এলাকার বাসিন্দা মহম্মদ আলমাসকে ঘিরে। ২০০২ সালে মিরপুর থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় ২০০৪ সালে এক অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। কিন্তু ২০২৫ সালের নভেম্বরে পুলিশ ভুলবশত একই নামের অন্য এক ব্যক্তি আলমাসকে গ্রেফতার করে জেলে পাঠায়।

আলমাসের পরিবারের দাবি ছিল, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। বিষয়টি হাইকোর্টে পৌঁছলে গত ৬ সেপ্টেম্বর আদালত পরিচয় যাচাইয়ের জন্য বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।

তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দুই ব্যক্তির নাম, বাবার নাম এবং ঠিকানার কিছু মিল থাকলেও তাঁরা সম্পূর্ণ আলাদা। এমনকী প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে কানাডায় বসবাস করছেন বলেও তদন্তে জানা যায়।

রবিবার, ৮ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের বেঞ্চ নিরপরাধ আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। নামের ভুলে একজন নির্দোষ মানুষের জীবনের প্রায় এক বছর কারাগারে কেটে যাওয়ার ঘটনায় বাংলাদেশের বিচার ও পুলিশি ব্যবস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।