ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার আগেই রাজধানী ঢাকায় একের পর এক বোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে ঢাকা শহরে অন্তত ৫০টিরও বেশি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় অন্তত ৮টি বাসে আগুন লাগানো হয়েছে। এই ঘটনাগুলি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমাও উদ্ধার করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার-স্টুডেন্ট সেন্টার (TSC)-এর কাছেও একটি রাস্তায় বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে এবং এলাকা ঘিরে রেখেছে। রবিবার মালিবাগে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)-এর সদর দফতরের সামনেও বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। শুধু বোমা বিস্ফোরণ নয়, বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। সোমবার সন্ধ্যায় ফার্মগেট এলাকায় একটি বেসরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে বাস চালকের মৃত্যু হয়েছে।
এই অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন মেট্রো স্টেশনের পরিষেবাও প্রায় ৪০ মিনিট বন্ধ রাখতে হয়। এই বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ছাত্র লিগের দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ২৭ বছর বয়সি জাবির সালেহিন দীপু। এই ঘটনাগুলি শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে দেশের রাজনৈতিক অস্থিরতাকেই ইঙ্গিত করছে।








