ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকলেও, ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন সূর্যকুমার যাদব। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন তিনি। আইপিএলের পর থেকে জাতীয় দলে সুযোগ না পেলেও, এই নয়া দায়িত্ব সূর্যর কেরিয়ারে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গত মরসুমে মুম্বইয়ের অধিনায়কত্ব করেছিলেন শার্দুল ঠাকুর। তবে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা।
রঞ্জি ট্রফিতে যদিও তিনি দলে জায়গা পাননি, কিন্তু টি-টোয়েন্টি দলের নেতৃত্বে তাঁকে দেখা যাবে। জাতীয় দলে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে তিনি এখন ব্রাত্য। এই দলে সূর্য ছাড়াও রয়েছেন সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে এবং শিবম দুবে। তবে, চোট সারিয়ে দলে ফিরেছেন শার্দুল ঠাকুর। যদিও রঞ্জি ট্রফিতে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, যশস্বী জয়সোয়াল নিউজিল্যান্ডে থাকায় এবং সুর্যাংশ শেডগে ও তনুষ কোটিয়ান এশিয়া কাপ খেলতে যাওয়ায় এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি।
প্রথম ম্যাচেই কলকাতার ইডেনে হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই। গ্রুপ ডি-তে তাদের সঙ্গে রয়েছে গুজরাট, গোয়া, ওড়িশা, উত্তরখণ্ড, বিদর্ভ ও ছত্তিসগড়। আইপিএলের ব্যর্থতার পর, সূর্যকুমার যাদব মুম্বইকে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট মহল।








