ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের জীবনে আসতে চলেছে এক নতুন ইনিংস। সম্প্রতি সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এবার সেই সম্পর্কের পরিণতি দিতে চলেছেন এই যুগল।
সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ সালে উত্তরপ্রদেশে বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে এবং লখনউয়ের একটি নামকরা হোটেলে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। চলতি মাসের শেষের দিকে এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাওয়ার কথা রয়েছে রিঙ্কুর। তার আগেই বিয়ের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চাইছেন তিনি। সম্প্রতি দীপাবলিতে পরিবারে সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিয়ের প্রস্তুতিও সেরে এসেছেন ক্রিকেটার। আলিগড় থেকে প্রায় ১০০ জন অতিথি বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক নেতা, পরিবারের বন্ধু ও পরিচিতদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ জানাতে চান রিঙ্কু। সেই উদ্দেশ্যে মা ও ভাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।
সূত্রের খবর, আগামী ১৪ বা ১৫ নভেম্বর লখনউয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় পেতে পারেন তিনি। চলতি বছরের শুরুতে বাবাকে হারানোর পর, পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে সবাই একসঙ্গে থেকে বিয়ের আয়োজন সম্পূর্ণ করার চেষ্টা করছেন।








