ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: ইন্দোনেশিয়ার রাজনীতিতে ফের বড়সড় অস্থিরতা! বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন গিবরান রাকাবুমিং রাকা। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, অভিশংসনের দাবি এবং শাসক জোটের অন্দরে ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত। গিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। এবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
২০২৪ সালের নির্বাচনে উপরাষ্ট্রপতি পদে লড়ার সময় গিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা গিবরান ইন্দোনেশিয়ার সমমানের শংসাপত্র ব্যবহার করেছিলেন। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায়, তিনি উচ্চমাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রমাণ আদালতের সামনে পাওয়া যায়নি। এরপরই তাঁর বিরুদ্ধে অভিশংসনের দাবি জোরালো হয়। শতাধিক আইনপ্রণেতাও এই উদ্যোগকে সমর্থন করেন।
গিবরানের পদত্যাগের পর সংসদের উচ্চকক্ষের হাতে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৬০ দিন সময় থাকবে। প্রেসিডেন্ট প্রবোও দু’জন প্রার্থীর নাম প্রস্তাব করবেন।
তবে এই পদত্যাগের নেপথ্যে শুধু শিক্ষাগত বিতর্কই নয়, রয়েছে রাজনৈতিক সমীকরণের পরিবর্তনও। গিবরানের বাবা তথা প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং বর্তমান প্রেসিডেন্ট প্রবোওর মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা বাড়ছে।
জোকোইয়ের ঘনিষ্ঠ নেতাদের প্রশাসনিক পদ থেকে সরানো, নতুন রাজধানী নুসান্তারা প্রকল্পে অনীহা এবং সাম্প্রতিক প্রশাসনিক রদবদল—সব মিলিয়ে শাসক জোটের ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে।
দেশে অর্থনৈতিক চাপ, দুর্নীতির অভিযোগ এবং সরকারি নীতির প্রতিবাদে ছাত্র আন্দোলনের মধ্যেই এই রাজনৈতিক সঙ্কট ইন্দোনেশিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।









