চাকরি হারানোর আশঙ্কায় ১,০০০-এরও বেশি কর্মী! ভারতে ছাঁটাই শুরু Qualcomm-এ, বেঙ্গালুরুর পর নজরে হায়দরাবাদ-চেন্নাই

প্রযুক্তি সংস্থা কোয়ালকম ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে। বিশ্বজুড়ে কর্মী কমানোর পরিকল্পনার অংশ হিসেবে ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি ঝুঁকিতে পড়ার আশঙ্কা।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন প্রযুক্তি সংস্থা Qualcomm। এবার সেই কোপ পড়ল ভারতেও! সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ার জেরে দেশে প্রায় ১,০০০ বা তারও বেশি কর্মীর চাকরি বিপদের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে শুরু হয়েছে ছাঁটাইয়ের প্রথম পর্যায়। এরপর হায়দরাবাদ, দিল্লি-এনসিআর এবং চেন্নাইয়ের দফতরেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Qualcomm-এর সিইও ক্রিশ্চিয়ানো আমন গত অক্টোবর মাসে কর্মীদের উদ্দেশে একটি অভ্যন্তরীণ বার্তায় কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানান। সংস্থার দাবি, কর্মীদের কাজের মূল্যায়ন এবং ভবিষ্যতের ব্যবসায়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিশ্বজুড়ে Qualcomm-এর প্রায় ৫২ হাজার কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার কর্মী ভারতে কর্মরত। বিশ্বব্যাপী প্রায় ৭ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা থেকেই ভারতে প্রায় ১,০০০ বা তার বেশি চাকরি ঝুঁকিতে বলে অনুমান করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে বেঙ্গালুরুতে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও সিনিয়র কর্মীদের একাংশের উপর প্রভাব পড়েছে বলে রিপোর্ট। সংস্থার বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি বিভাগেও ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কর্মীদের তিন মাসের বেতনের সমতুল্য ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এই শর্তগুলি Qualcomm আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

স্মার্টফোন চিপের ব্যবসায় চাপ, বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া এবং মেমরি চিপের দাম বৃদ্ধির জেরে সমস্যায় পড়েছে সংস্থা। অন্যদিকে, AI, ডেটা সেন্টার ও অটোমোবাইল প্রযুক্তিতে ব্যবসা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে Qualcomm।