ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: দুর্গাপুরের অণ্ডাল বিমাননগরী সংলগ্ন আরতি গ্রামে এক গর্ভবতী গাভী হত্যার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, গাভীটির গর্ভে থাকা মৃত শাবকটিকে পাশের যমুনা গ্রামের একটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় পুলিশ শেখ আলামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন এবং শেখ লতিব নামে চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাংসের জন্য ওই গর্ভবতী গাভীটিকে হত্যা করা হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। পুলিশ চার অভিযুক্তকে আটক করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আদালত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালত থেকে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলী তাঁদের লক্ষ্য করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের চেষ্টা করেন। এই ঘটনায় এলাকায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।
উল্লেখ্য, গরু চুরি ও গো-হত্যার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমায় এর আগেও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার আগের দিনই গরু চুরির অভিযোগে একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে থানায় বিক্ষোভ দেখানো হয়েছিল। পরপর এই ঘটনাগুলি গোটা এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।









