ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬ : আগামী ২১ নভেম্বর একদিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও ঘোষণার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত অরেঞ্জ লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রী করতে পারেন বলে জানা গিয়েছে।
বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করছে। এই সম্প্রসারিত অংশটি চালু হলে নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই মেট্রো প্রকল্পের কাজ রাজ্য সরকার পরিবর্তনের পর দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই অংশে ইতিমধ্যেই ট্রায়াল রান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করলে এটি মেট্রো নেটওয়ার্কের একটি বড় সম্প্রসারণ হবে। এর ফলে নিউ গড়িয়া থেকে যাত্রীরা সরাসরি সেক্টর ফাইভ পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে ব্লু লাইনে চেপে হাওড়া পর্যন্ত যেতে পারবেন। এতে একদিকে যেমন বেলেঘাটার যানজট কমবে, তেমনই যাত্রীদের যাতায়াতের সুবিধা অনেক বাড়বে।
শুধু মেট্রো উদ্বোধনই নয়, প্রধানমন্ত্রীর এই সফরে আরও কিছু গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন হতে পারে। তাঁর সফরের নির্দিষ্ট কর্মসূচি এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে, তাঁর আগমনের খবরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর রাজ্যের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে একটি নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।









