ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : জাপানের টোকিওতে আয়োজিত ৬৪তম মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মঞ্চে এবার আলো ছড়াল বাংলার ঐতিহ্যবাহী গামছা। বাংলাদেশের প্রতিযোগী সাজরিয়া তাবাসসুম প্রমা এক অনন্য পোশাকে বিশ্বের দর্শকের সামনে তুলে ধরলেন আমাদের গৌরবের তাঁতশিল্পকে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রমাকে দেখা গেল একেবারে ভিন্ন এক রূপে। স্কার্ফ বা ওড়নার বদলে গামছায় গড়া স্কার্ট ও ক্রপড চোলি ধাঁচের টপ গায়ে তিনি মঞ্চে পা রাখলেন। ফ্যাশন ডিজাইনার জাদু (মেহবুব কামাল) নির্মিত এই পোশাকে লাল ফিতার লেইস আর ব্লকের নকশা এবং সবুজ-লাল চেকের বহু ভাঁজের ঘের যেন বাংলার মাটির গন্ধ বয়ে আনল।
সোনালি চোকার, চাঁদবালি কানের দুল আর বেণীতে জড়ানো সোনালি জরির ফিতা তাঁর সাজকে আরও মনোমুগ্ধকর করে তুলল। সাংস্কৃতিক পর্বের অডিশনে প্রমা কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘তাঁতি’-র ছন্দে নেচে উঠেছিলেন। তাঁর এই সাহসী ও সৃজনশীল প্রয়াস দেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই সাজ নিয়ে ইতিবাচক আলোচনার ঝড় উঠেছে। অনেকেই ডিজাইনারের প্রশংসা করেছেন, কারণ এমন অভিনব উপায়ে বাংলার তাঁতকে বিশ্বমঞ্চে মেলে ধরা সহজ কাজ নয়। ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টোকিওতে চলছে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৬’-এর চূড়ান্ত পর্ব, যেখানে প্রায় ৭০টি দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। মূল আয়োজনের বাইরেও প্রমাকে অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে হৃদ্যতায় মিশতে দেখা যাচ্ছে, যা বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও উজ্জ্বল করে তুলছে।









