ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: জগদ্ধাত্রী পুজোয় দুর্যোগের কালো মেঘ! বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আখবানের’ পরোক্ষ প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বৃষ্টি, যা উৎসবের আমেজকে বিঘ্নিত করতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর ও অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যার নাম হবে ‘আখবান’।
সোমবার সন্ধ্যায় এর জন্ম হলেও, সমুদ্রপৃষ্ঠে দীর্ঘ অবস্থানের কারণে এটি ক্যাটাগরি ৩ হ্যারিকেনের সমতুল্য সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই দুই দিন কিছু জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। প্রাথমিক উপগ্রহ চিত্রে ইঙ্গিত, এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। তবে এর পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত হলেও, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব সেখানে পড়বে না।









