ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে ভারতে যখন স্টারলিঙ্ক, ওয়ানওয়েব ও জিও-র মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে, তখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ দাবি তুললেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তাঁর বক্তব্য, ভারতের মাটিতে চালু থাকা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার ‘কিল সুইচ’ বা পরিষেবা বন্ধ করার চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকতে হবে ভারত সরকারের হাতেই। কোনও বিদেশি সংস্থা বা দেশের হাতে এই ক্ষমতা থাকা উচিত নয়। ভারতী এন্টারপ্রাইজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
স্যাটেলাইট নেটওয়ার্কের কিল সুইচ এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারী, কোনও অঞ্চল কিংবা গোটা দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ বা সীমিত করা সম্ভব। যুদ্ধ, সাইবার হামলা কিংবা জাতীয় নিরাপত্তার জরুরি পরিস্থিতিতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মিত্তলের মতে, স্যাটেলাইট থেকে আসা তথ্য ও যোগাযোগ ব্যবস্থার নজরদারি এবং নিয়ন্ত্রণ ভারতের অভ্যন্তরেই থাকা প্রয়োজন। দেশের সমস্ত যোগাযোগের তথ্যও ভারতীয় পরিকাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।
তিনি আরও সতর্ক করেছেন, গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য একটি মাত্র বিদেশি সংস্থার উপর নির্ভর করা বিপজ্জনক। বর্তমানে ভারতী-সমর্থিত Eutelsat OneWeb, রিলায়্যান্সের Jio Satellite Communications এবং ইলন মাস্কের Starlink বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মিত্তলের মতে, স্যাটেলাইট ইন্টারনেট মোবাইল বা ফাইবার পরিষেবার বিকল্প নয়, বরং পরিপূরক। দুর্গম পাহাড়, বনাঞ্চল, প্রত্যন্ত গ্রাম ও সমুদ্রের মতো জায়গায় যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এর বড় সম্ভাবনা।









