কিশোর অপরাধে উদ্বেগ কেরল হাইকোর্টের! জুভেনাইল আইনে বয়সসীমা ১৬ বছর করার প্রস্তাব

কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা দেখে কেরল হাইকোর্ট আইনসভাকে জুভেনাইলদের বয়স ১৬ বছর করার কথা বিবেচনা করতে বলেছে। মদ্যপানে অপ্রাপ্তবয়স্কদের জড়িত থাকার ঘটনাও উঠে এসেছে।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা এবং অপরাধের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল কেরল হাইকোর্ট। বর্তমান পরিস্থিতিতে জুভেনাইল বা কিশোর অপরাধীদের বয়সসীমা ১৬ বছর করার বিষয়টি আইনসভাকে জরুরি ভিত্তিতে বিবেচনা করার পরামর্শ দিয়েছে আদালত। বিচারপতি এ. বদারুদ্দিনের পর্যবেক্ষণ, সময়ের সঙ্গে সঙ্গে কিশোর-কিশোরীদের পরিপক্কতা এবং অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। তাই বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জুভেনাইল বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি ভাবা প্রয়োজন।

একটি রিট পিটিশনের শুনানি চলাকালীন এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে আদালত। ওই মামলায় আবগারি দফতরের আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত বারগুলিতে ২৩ বছরের কম বয়সীদের মদ পরিবেশন বন্ধ করতে আবগারি আইনের ১৫এ এবং ১৫বি ধারা কঠোরভাবে কার্যকর করার দাবি জানানো হয়েছিল।

শুনানিতে উঠে আসে নেদুম্বাসেরিতে একটি মিনি কুপার গাড়ির ভয়াবহ দুর্ঘটনার প্রসঙ্গ। অভিযোগ, ১৯ বছর বয়সী এক যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এই ঘটনার উল্লেখ করে আদালত জানায়, শুধু প্রাপ্তবয়স্ক নয়, ১৮ বছরের কম বয়সীরাও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। যা সমাজের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় বিপদ তৈরি করছে।

আদালতের পর্যবেক্ষণ, আইনগত বিধিনিষেধ থাকা সত্ত্বেও অপ্রাপ্তবয়স্কদের হাতে সহজেই মদ পৌঁছে যাচ্ছে। ফলে একদিকে যেমন কিশোর অপরাধের প্রবণতা বাড়ছে, অন্যদিকে তেমনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বর্তমান সময়ে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের মানসিক পরিপক্কতা এবং অপরাধমূলক কার্যকলাপের প্রকৃতি বিবেচনা করে জুভেনাইল আইনের বয়সসীমা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মনে করছে আদালত।

এই পরিস্থিতিতে আবগারি কমিশনারকে একটি বিস্তারিত বিবৃতি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট। ২৩ বছরের কম বয়সীদের কাছে মদ পরিবেশন বন্ধ করতে আবগারি আইনের নির্দেশিকাগুলি কীভাবে কার্যকর করা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করতে হবে।

আগামী ২৪ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এখন দেখার, কিশোর অপরাধের বয়সসীমা নিয়ে আদালতের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের পর আইনসভা কী পদক্ষেপ করে।