চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে বিতর্ক, টাটায় নতুন সংঘাত

টাটা বিবাদে নতুন মোড়। ভেনু শ্রীনীবাসন ও বিজয় সিং প্রাক্তন ডিরেক্টর খাম্বাটার বিরুদ্ধে টাটার পরিচালন ব্যর্থতা উপেক্ষা করার গুরুতর অভিযোগ আনলেন।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: টাটা গোষ্ঠীর অন্দরে ক্ষমতার লড়াই এবার আরও তীব্র! সংস্থার ভবিষ্যৎ, নেতৃত্ব এবং শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই এবার ট্রাস্টি দারিয়ুস খামবাটাকে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন ভেনু শ্রীনিবাসন ও বিজয় সিং। তাঁদের অভিযোগ, টাটা সন্সের পরিচালন ব্যবস্থা ও শাসন সংক্রান্ত সমস্যাগুলিকে উপেক্ষা করে গোটা বিতর্কের অসম্পূর্ণ ছবি তুলে ধরছেন খামবাটা।

১১ নভেম্বর লেখা পাঁচ পাতার চিঠিতে দুই ট্রাস্টি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিয়ন্ত্রক অবস্থান, টাটা সন্সের সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তি এবং চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে খামবাটার বক্তব্যের বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, তালিকাভুক্তি হলে টাটা গোষ্ঠীর ঐতিহ্য বা দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা নষ্ট হবে, এমন যুক্তির কোনও ভিত্তি নেই।

চিঠিতে তাঁরা আরও জানিয়েছেন, টাটা সন্সের তালিকাভুক্তির বিষয়টি এড়িয়ে যেতে RBI-র সঙ্গে আলোচনা যথেষ্ট হয়নি, এমন অভিযোগও সঠিক নয়। তাঁদের মতে, ২০২৩ সাল থেকেই নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলেছে। এমনকী ২১ হাজার কোটি টাকারও বেশি ঋণ পরিশোধের পর ২০২৪ সালের মার্চে নিবন্ধন বাতিলের আবেদনও করা হয়েছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে সাত মাসের অনিশ্চয়তা কেন তৈরি হয়েছিল, তা নিয়েও খামবাটার কাছে ব্যাখ্যা চেয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ২০২৫ সালের জুলাইয়ে পুনর্নিয়োগের পক্ষে সর্বসম্মত সুপারিশ থাকলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

সব মিলিয়ে টাটা গোষ্ঠীর অন্দরের এই সংঘাত এখন আর শুধু নেতৃত্বের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং ভবিষ্যতে টাটা সন্সের পরিচালন কাঠামো কোন পথে এগোবে!