ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: পুজো মিটতেই ফের একই ছবি! দুর্গাপুরের গোপাল মাঠ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুজোর আগে সতর্ক করা হলেও পরিস্থিতি বদলায়নি। এবারও গোলদারি দোকান থেকে উদ্ধার হয়েছে মেয়াদোত্তীর্ণ সস ও কাসুন্দি। বিরিয়ানির দোকানে পাওয়া গেছে বাসি পেঁয়াজ, আলু, মশলা এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বারবার ব্যবহৃত পোড়া তেল। এই ঘটনায় ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা শনিবার দুপুরে গোপাল মাঠ বাজারে হানা দেন। প্রথমে গোলদারি দোকানগুলিতে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সস ও কাসুন্দির বোতলগুলি বিক্রির জন্য সাজিয়ে রাখা অবস্থায় দেখতে পান। এরপর বিরিয়ানির দোকানগুলিতে গিয়ে আরও ভয়াবহ চিত্র সামনে আসে। সেখানে বিরিয়ানির জন্য কেটে রাখা পচা ও বাসি পেঁয়াজ, আলু এবং মশলা উদ্ধার হয়।
রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল কালো হয়ে যাওয়া পোড়া তেল। দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলেই সমস্ত মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার নষ্ট করে দেন। তাঁরা জানান, পুজোর আগেও এই বাজারে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু ব্যবসায়ীরা গুরুত্ব দেননি। নিয়ম না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই খবর ছড়িয়ে পড়তেই বাজারে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা দিয়ে বিষ কিনে খেতে হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।









