ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘No Nut November’ চ্যালেঞ্জ নিয়ে পুরুষদের মধ্যে যে ধারণা প্রচলিত, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এক মাস বীর্যপাত বা হস্তমৈথুন থেকে বিরত থাকলেই টেস্টোস্টেরন বা শারীরিক শক্তি বাড়ে, এমন দাবির সপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, বরং সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। প্রতি বছর নভেম্বর মাসে এই বিশেষ চ্যালেঞ্জে অংশ নেন বহু পুরুষ।
তাঁদের বিশ্বাস, ৩০ দিন যৌনমিলন বা হস্তমৈথুন থেকে দূরে থাকলে নাকি আত্মবিশ্বাস, যৌনক্ষমতা এবং সামগ্রিক শারীরিক শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এই ধারণা এতটাই জনপ্রিয় যে, বহু যুবক এটি অনুসরণ করেন। তবে চিকিৎসাবিজ্ঞান এই ধারণাকে সমর্থন করে না। সম্প্রতি The Journal of Sexual Medicine-এ প্রকাশিত একটি গবেষণায় ৪৩৫ জন পুরুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এই গবেষণার ফলাফল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এক মাস বীর্যপাত থেকে বিরত থাকার পর যৌনসন্তুষ্টি, যৌনইচ্ছা বা যৌন কার্যকারিতায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘No Nut November’ চ্যালেঞ্জের মাধ্যমে পুরুষদের যৌনক্ষমতা বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়—এমন দাবির পক্ষে কোনও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ট্রেন্ডের পেছনে অন্ধভাবে না ছুটে সঠিক তথ্য যাচাই করা এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অত্যন্ত জরুরি।









