জলে ডুবল বেলুড় আন্ডারপাস, চলমান সিঁড়ি বা লিফটের দাবি বয়স্কদের

বৃষ্টিতে ফের জলমগ্ন বেলুড় স্টেশন আন্ডারপাস। ভোগান্তিতে যাত্রী, বয়স্কদের দাবি জলনিকাশির স্থায়ী সমাধান ও লিফট বা চলমান সিঁড়ি।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: হাওড়ার বেলুড় স্টেশনের আন্ডারপাসে সামান্য বৃষ্টিতেই জল জমে যাতায়াতে ভোগান্তি বাড়ে। আকভান নিম্নচাপের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়েছে এই আন্ডারপাস।

প্রতিদিন হাজার হাজার মানুষ যে পথ দিয়ে যাতায়াত করেন, সেখানে হাঁটুসমান জল জমায় স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। সবচেয়ে বেশি অসুবিধায় বয়স্করা। বেলুড়ের দুই প্রান্তকে যুক্ত করা এই আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেককে জুতো খুলে, প্যান্ট গুটিয়ে জল পার হতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, নোংরা ড্রেনের জল মিশে দুর্গন্ধ ছড়ায়। বহু বছর ধরে এই সমস্যা চলছে। পাম্প দিয়ে জল তোলা হলেও বৃষ্টি হলেই আবার জমে যায়, স্থায়ী সমাধান হয় না বলে তাঁদের দাবি। অফিসযাত্রীদেরও অভিযোগ, জল পেরিয়ে কাজে যেতে জামাকাপড় নোংরা হচ্ছে এবং সময়ে পৌঁছতে সমস্যা হচ্ছে। আন্ডারপাসে জল জমলে বিকল্প হিসেবে রয়েছে উঁচু ওভারব্রিজ। কিন্তু অনেক বয়স্ক ও অসুস্থ মানুষের পক্ষে সিঁড়ি ভেঙে ওঠা কষ্টকর। হাঁটুর ব্যথা, শ্বাসকষ্ট বা হৃদ্‌যন্ত্রের সমস্যায় অনেকে মাঝপথে দাঁড়িয়ে বিশ্রাম নেন।

এক বয়স্ক যাত্রীর কথায়, আন্ডারপাসে জল থাকলে যাতায়াত করা যায় না, আবার ওভারব্রিজে উঠতেও দম বন্ধ হয়ে আসে। কেউ কেউ বাধ্য হয়ে রেললাইন পার হচ্ছেন বলে স্থানীয়দের দাবি। ট্রেন চলে এলে এই পথ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই বয়স্ক যাত্রীদের দাবি, আন্ডারপাসের জল জমার স্থায়ী সমাধানের পাশাপাশি ওভারব্রিজে ওঠার জন্য লিফট বা চলমান সিঁড়ির ব্যবস্থা করা হোক। এতে বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী এবং শিশু কোলে মায়েদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে তাঁদের মত।