ঠান্ডা পড়তেই হার্টের উপর চরম চাপ, ভোরের এই সময়টা সবচেয়ে ভয়ংকর

শীতের সকালে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি? ঠান্ডায় রক্তচাপ, হৃদ্‌স্পন্দন ও রক্ত জমাট বাঁধার প্রবণতা নিয়ে ব্যাখ্যা দিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।

Share:

ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : শীত পড়লেই হৃদ্রোগের ঝুঁকি নীরবে বাড়ে, বিশেষ করে ভোরে। ঠান্ডায় শরীরে এমন পরিবর্তন ঘটে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু সরাসরি হৃদযন্ত্রের উপর চাপ ফেলে। রক্তচাপ বাড়ে, হৃৎস্পন্দন বদলায়, রক্তপ্রবাহও স্বাভাবিক থাকে না। হৃদ্রোগীদের জন্য তাই এই সময়টি বিশেষ সতর্কতার।

এ বিষয়ে সতর্ক করেছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. সুনীল কুমার মণ্ডল, গ্রেটার নয়ডার কৈলাশ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট। ‘এইচটি লাইফস্টাইল’-কে দেওয়া সাক্ষাৎকারে শীতে হৃদ্রোগের ঝুঁকি নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। তাঁর মতে, শীত শুধু সর্দি-কাশির ঋতু নয়, হৃদযন্ত্রের জন্যও কঠিন পরীক্ষার সময়।

ডা. মণ্ডলের মতে, ঠান্ডায় শরীর তাপ ধরে রাখতে চায়, ফলে হাত-পায়ের রক্তনালি সংকুচিত হয় এবং রক্তচাপ বাড়তে পারে। একই সঙ্গে সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে হৃদ্যন্ত্রের চাপ ও স্পন্দন বাড়ায়। ঠান্ডায় প্লেটলেট আঠালো হয়ে রক্ত জমাটের আশঙ্কাও বাড়ে। করোনারি ধমনিতে প্লাক থাকলে তা ফেটে বা ধমনি খিঁচে গিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হতে পারে।

ভোরে বিপজ্জনক হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন চিকিৎসক। ঘুম থেকে উঠে রক্তচাপ, হৃদ্স্পন্দন ও কর্টিসল দ্রুত বাড়ে এবং রক্ত জমাটের আশঙ্কাও বেশি থাকে। তার ওপর ঠান্ডা, তাড়াহুড়ো বা হঠাৎ দ্রুত হাঁটা যোগ হলে চাপ আরও বাড়ে। এ কারণে ভোরে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অনিয়মিত হৃদ্স্পন্দন বেশি ঘটে বলে জানান তিনি।

শীতে বয়স্ক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা আগে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকা দরকার। স্টেন্ট বা বাইপাস সার্জারি হওয়া রোগীরাও বেশি ঝুঁকিতে। ঠান্ডায় শরীরের প্রতিক্রিয়া হৃদ্যন্ত্রের ওপর চাপ বাড়াতে পারে। তাই হৃদ্রোগ থাকলে শীতের সকালে শারীরিক অবস্থার প্রতি নজর রাখা জরুরি, জানিয়েছেন ডা. মণ্ডল।