ছেলের আচরণে আতঙ্ক, শেষমেশ ভ্যানে বেঁধে থানায় নিয়ে গেলেন বাবা

ছেলের অস্বাভাবিক আচরণে দুর্ঘটনা ও আত্মহানির আশঙ্কা করে তাঁকে ভ্যানে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে গেলেন অসহায় বাবা।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: দুর্গাপুরে ছেলের অস্বাভাবিক আচরণে আতঙ্কিত এক বাবা নিজের ২১-২২ বছর বয়সি ছেলেকে ভ্যানের সঙ্গে দড়ি ও টিউব দিয়ে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে হাজির হলেন।

তাঁর আশঙ্কা, ছেলের এমন আচরণে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকী নিজেরও ক্ষতি করতে পারে সে। ঘটনাকে ঘিরে পাওয়ার হাউস বস্তি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাওয়ার হাউস বস্তির বাসিন্দা ভ্যানচালক সুনীল সাহের ছেলে কানহাইয়া সাহ গত ১৫ নভেম্বর, ছটপুজোর রাত থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন বলে পরিবারের দাবি। কী ধরনের নেশা করেছেন, তা পরিবারের কেউ জানেন না বলে জানিয়েছেন সুনীল। ছেলের আচরণে আতঙ্কিত হয়ে তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে অভিযোগ, সেখানে কানহাইয়াকে ভর্তি করা হয়নি। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। সেই কারণে বেসরকারি হাসপাতালে ছেলের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাবা। একদিকে চিকিৎসার ব্যবস্থা না হওয়া, অন্যদিকে ছেলের অস্বাভাবিক আচরণ—দুইয়ের জেরে উদ্বেগ বাড়ছিল পরিবারের। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা বা আত্মহানির আশঙ্কা করছেন সুনীল।

হাসপাতালে ভর্তি না হওয়ার অভিযোগের পর ছেলেকে কোথায় এবং কীভাবে চিকিৎসা করাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় পরিবার। শেষ পর্যন্ত উপায় না দেখে ছেলেকে ভ্যানের সঙ্গে দড়ি ও টিউব দিয়ে বেঁধে থানায় নিয়ে যান তিনি। বাবার আবেদন, ছেলের চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তাঁর আশঙ্কা, ছেলের কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না পড়ে। ঘটনার পর নেশা করার অভিযোগ ওঠা যুবকের চিকিৎসা এবং আর্থিকভাবে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে।