হাওড়ার জানাগেটে উচ্ছেদ নিয়ে ক্ষোভ, পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি

হাওড়ার জানাগেটে আন্ডারপাস নির্মাণের জন্য উচ্ছেদ ঘিরে উত্তেজনা। পুনর্বাসন ছাড়া বাড়ি ভাঙার চেষ্টা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বাসিন্দাদের।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: হাওড়ার জানাগেট এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য উচ্ছেদ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আন্ডারপাসের স্বার্থে ওই এলাকার বাড়ি ও দোকান খালি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, আইনি প্রক্রিয়া ও পুনর্বাসনের প্রতিশ্রুতি উপেক্ষা করে তাঁদের বাড়িঘর ও দোকান ভাঙার চেষ্টা চলছে। তবে জনস্বার্থে আন্ডারপাস নির্মাণে সহযোগিতা করতে তাঁরা রাজি।

তাঁদের শর্ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্থানীয় বাসিন্দা মিন্টু মণ্ডলের দাবি, তাঁরা ৫০, ৬০, এমনকী ৭০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তাঁদের কাছে জমির কাগজপত্র ও দলিল রয়েছে বলেও জানান তিনি। জমি নিয়ে রেলের আদালতে মামলা চলছে। গত ২৯ অক্টোবর খড়গপুর থেকে আসা এস্টেট অফিসার এলাকায় সার্ভে করে গেলেও এখনও ফেরেননি বলে বাসিন্দাদের দাবি। বাসিন্দাদের অভিযোগ, যেসব বাড়ির ক্ষেত্রে এখনও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি, সেগুলিও দেড়-দু’দিনের মধ্যে খালি করার হুমকি দেওয়া হচ্ছে। উচ্ছেদের আগে আইনি প্রক্রিয়া মেনে চলা এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও তাঁদের অভিযোগ। নিজেদের বক্তব্যের সমর্থনে একটি লিখিত আবেদনপত্র এবং ১৯৭৮ সালের পুনর্বাসন সংক্রান্ত সরকারি নথির কপি সামনে এনেছেন তাঁরা।

বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য, আন্ডারপাস নির্মাণ জনস্বার্থে হলেও বসতবাড়ি ও জীবিকার জায়গা ছাড়ার আগে পুনর্বাসনের নিশ্চয়তা দিতে হবে। যথাযথ ব্যবস্থা না হলে উচ্ছেদে সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন তাঁরা। দলিল থাকা বাড়ি পুনর্বাসন ছাড়া ভাঙার চেষ্টা হলে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নামবেন। সেই আন্দোলনে মহিলারাও সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, আন্দোলন আন্ডারপাস নির্মাণের বিরোধিতায় নয়, পুনর্বাসনের দাবিতে।