ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজের শহরেই ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলা! শুক্রবার রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন এক ৭ বছরের শিশু এবং ২০ বছরের এক তরুণী। আহত হয়েছেন অন্তত ৬০ জন। তাঁদের মধ্যে ছয়টি শিশুও রয়েছে। হামলার পর গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানিয়েছেন, হামলার জেরে শহরে অন্তত চারটি জায়গায় আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫টি বহুতল আবাসন, একটি হাসপাতাল, একাধিক স্কুল, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়িক কেন্দ্র এবং বেশ কিছু গাড়ি। উদ্ধারকাজে নেমেছে জরুরি পরিষেবার কর্মীরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে চলছে তল্লাশি।
এই হামলাকে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে দেখছেন পর্যবেক্ষকদের একাংশ। সম্প্রতি রাশিয়া ও ক্রিমিয়াকে সংযোগকারী কের্চ সেতুতে ইউক্রেনের হামলার পর মস্কোর তরফে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
এদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলেও রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন ১১ জন, যাঁদের মধ্যে দু’টি শিশু রয়েছে। কিয়েভেও হামলায় আহত হয়েছেন একজন। অন্যদিকে রাশিয়ার ব্রিয়ানস্ক ও বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের দাবি। ফলে দু’দেশের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে।









