ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: চাকরি থেকে অবসর নিলেই আর একসঙ্গে তুলে নিতে হবে না সারা জীবনের সঞ্চিত প্রভিডেন্ট ফান্ডের টাকা! অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এবার থেকে এককালীন টাকা তোলার পরিবর্তে নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে PF-এর টাকা তোলার সুযোগ মিলতে পারে।
১৯ নভেম্বর EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠকে অনুমোদন পেয়েছে Systematic Withdrawal Plan (SWP)। এই ব্যবস্থায় অবসরপ্রাপ্ত সদস্যরা মাসিক, ত্রৈমাসিক অথবা ছয় মাস অন্তর নিজেদের PF-এর টাকা তুলতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা, যে টাকা অ্যাকাউন্টে অবশিষ্ট থাকবে, তা থেকে প্রযোজ্য হারে সুদও পাওয়া যাবে।
শ্রম মন্ত্রকের অনুমান, প্রাথমিক পর্যায়ে ৫৫ বছরের বেশি বয়সি এবং PF অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয় রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্য উপকৃত হতে পারেন।
সদস্যের মৃত্যুর ক্ষেত্রে নমিনি বা নির্ভরশীল ব্যক্তি অবশিষ্ট টাকা তুলে নিতে পারবেন অথবা নির্দিষ্ট কিস্তিতে টাকা পাওয়ার সুবিধা চালিয়ে যেতে পারবেন।
তবে মনে রাখতে হবে, এই SWP বাধ্যতামূলক নয়। চাইলে আগের মতো এককালীন PF-এর টাকা তোলার বিকল্পও থাকবে। এটি EPS-এর মাসিক পেনশন থেকে সম্পূর্ণ আলাদা।
কবে থেকে চালু হবে? বোর্ডের অনুমোদন মিললেও এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। নিয়ম সংশোধন ও সরকারি বিজ্ঞপ্তির পরই এই সুবিধা কার্যকর হবে। ফলে অবসরপ্রাপ্তদের জন্য নতুন আয়ের পথ খুললেও অপেক্ষা করতে হবে চূড়ান্ত নিয়মের জন্য।









