অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আইনি লড়াই তুঙ্গে, ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচ হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। চারটি মামলায় এই নির্দেশ ঘিরে আদালতে রাজ্য ও অভিষেকের আইনজীবীদের মধ্যে আইনি বিতর্ক।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ :  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও তিন মাস বাড়াল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুরক্ষা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

আশুতি (কালীতলা), রবীন্দ্রনগর (২১৩) এবং বিষ্ণুপুর থানার দুটি এফআইআর (৭৫৩ ও ৮৮৪)—এই চারটি মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে।

তবে চারটি মামলার মধ্যে একটি মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বিষ্ণুপুর থানার ৮৮৪ নম্বর এফআইআরের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট কেন জমা পড়েনি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তাঁর প্রশ্ন, একই থানার এক তদন্তকারী রিপোর্ট জমা দিলেও অন্যজন কেন তা করেননি?

এর জবাবে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যোগাযোগের ক্ষেত্রে কিছু ত্রুটি হয়েছিল।

অন্যদিকে, অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করেছে রাজ্য। রাজ্যের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করা হয়েছে। পাল্টা অভিষেকের আইনজীবী গোপাল শংকরনারায়ণের দাবি, সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপিতে ত্রুটি রয়েছে। ফলে এই মামলাকে ঘিরে আইনি লড়াই আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।