ব্যুরো নিউজ, ২৩শে নভেম্বর ২০২৬ : দেশের কোটি কোটি মানুষের আস্থার নাম বিসলেরি। তৃষ্ণা মেটাতে চোখ বন্ধ করে যে বোতলটা আমরা হাতে তুলে নিই, সেই বোতলেই এবার ধরা পড়ল ভয়ঙ্কর গলদ। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ FSSAI এবার সরাসরি বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে দিল। অভিযোগ গুরুতর। তাদের বোতলবন্দি পানীয় জলের নমুনা পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে পারেনি। আর এই খবর সামনে আসতেই গোটা দেশে পানীয় জলের নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার সূত্রপাত গোয়ায়। বিসলেরির গোয়া কারখানা থেকে সংগ্রহ করা পানীয় জলের একটি নমুনা প্রথম পরীক্ষায় ফেল করে। সেই পরীক্ষায় জলে ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। ব্রোমেট এমন একটি রাসায়নিক, যা দীর্ঘদিন ধরে শরীরে গেলে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সংস্থার আপিলের পর নমুনাটি রেফারেল পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানেও ফলাফল বদলায়নি, বরং আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। রেফারেল ল্যাব জলকে সরাসরি ‘অনিরাপদ’ বলে চিহ্নিত করে।
দ্বিতীয় পরীক্ষায় আরেকটি বিপজ্জনক রাসায়নিক ধরা পড়ে, যার নাম পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs)। এটিও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। একের পর এক পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর FSSAI আর দেরি না করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের আওতায় বিসলেরির বিরুদ্ধে আইনি ব্যবস্থার অনুমতি দেয়। ফলে বিষয়টি এখন আর শুধু নোটিস বা সতর্কতায় সীমাবদ্ধ নেই, সরাসরি আদালতে পৌঁছেছে।
এই ঘটনার পর সোমবার বিসলেরি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, পানীয় জলের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার এবং FSSAI-এর তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবে। সংস্থাটির দাবি, তারা কঠোর গুণমান নিয়ন্ত্রণ বজায় রাখে। তবে তারা এটাও স্বীকার করেছে, গত বছর গোয়ার কারখানার একটি নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট মিলেছিল, যা ১০ মাইক্রোগ্রামের নির্ধারিত সীমার সামান্য বেশি।









