ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ‘ব্রহ্মাস্ত্র ২’ তৈরির পরিকল্পনা বহাল থাকার কথা জানিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, ছবির পরবর্তী পর্বকে আরও বেশি করে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করে বড়পর্দায় তুলে ধরতে চান। তবে কবে ছবির শুটিং শুরু হবে, কবে মুক্তি পাবে বা কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’-তে রণবীর কাপুর ও আলিয়া ভাট মুখ্য ভূমিকায় ছিলেন। অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, আর শাহরুখ খানকে দেখা গিয়েছিল ক্যামিও ভূমিকায়। পুরাণ, অস্ত্রশক্তি এবং কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
প্রথম ছবির পর থেকেই দ্বিতীয় পর্ব নিয়ে নানা জল্পনা চলছিল। অনুষ্ঠানে প্রথম ছবির অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অয়ন জানান, এই যাত্রা সহজ ছিল না। তাঁর বক্তব্য, ছবির কিছু দিক দর্শকের ভালো লেগেছিল, কিন্তু সব কিছু তাঁদের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেনি। দর্শকের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেওয়া দরকার বলেও তিনি মনে করেন। তাঁরা যে ত্রুটিগুলি চিহ্নিত করেন, সেগুলিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এমনটাই বলেছেন পরিচালক।
পরিচালকের এই ঘোষণায় দ্বিতীয় ছবির অপেক্ষায় থাকা দর্শকদের কৌতূহল ফের বেড়েছে। তবে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাহিনি, অভিনয়শিল্পী, বাজেট কিংবা নির্মাণের সময়সূচি নিয়ে অয়ন এখনও কোনও বিস্তারিত জানাননি। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ভাবনা কীভাবে গল্পে আসবে, তা-ও স্পষ্ট নয়। আপাতত নিশ্চিত হয়েছে শুধু, প্রথম ছবির পরের কিস্তি তৈরির পরিকল্পনা বাতিল হচ্ছে না এবং দর্শকের প্রতিক্রিয়া পরবর্তী কাজের ক্ষেত্রে গুরুত্ব পাবে।









