ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : উত্তরপ্রদেশের পিসিএস পরীক্ষাকে ঘিরে এবার তুলকালাম কাণ্ড। ২০২৫ সালের প্রিলিমিনারি পরীক্ষার ফল সরাসরি বাতিল করে দিয়ে নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। আর এই এক নির্দেশেই নড়ে গেল গোটা নিয়োগ প্রক্রিয়া। যাঁরা ইতিমধ্যেই নিজেদের উত্তীর্ণ ভেবে মেইনস পেরিয়ে ইন্টারভিউ পর্যন্ত দিয়ে ফেলেছেন, তাঁদের মধ্যেও এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি মনীশ কুমার নিগম এই ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালতের স্পষ্ট নির্দেশ, প্রার্থীদের আর প্রিলিমস পরীক্ষায় বসতে হবে না। ইউপিপিএসসিকে কেবল ফল সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে। তবে এই সংশোধনের ব্যাপ্তি এখনও অনেকেরই অজানা, কারণ নতুন তালিকার প্রভাব প্রিলিমসে সীমাবদ্ধ না থেকে পরবর্তী সব ধাপেও ছড়িয়ে পড়বে।
আসলে এই বিতর্কের শুরু হয়েছে সংরক্ষিত শ্রেণির কয়েকজন প্রার্থীর অভিযোগ থেকে। তাঁরা আদালতে আবেদন করে জানান, তাঁদের সঙ্গে চরম অবিচার হয়েছে। তাঁদের দাবি, সাধারণ শ্রেণির শেষ নির্বাচিত প্রার্থীর কাট-অফের চেয়েও তাঁদের নম্বর বেশি ছিল, তবু তাঁদের ওপেন বিভাগে রাখা হয়নি। শুধু সংরক্ষিত তকমার কারণে তাঁদের নিজেদের ক্যাটাগরিতে আটকে রাখা হয়েছে, ফলে মূল পরীক্ষায় বসার সুযোগও তাঁরা পাননি।
আবেদনকারীদের বক্তব্য ছিল স্পষ্ট। তাঁরা আদালতকে স্মরণ করিয়ে দেন, মেধাবী সংরক্ষিত প্রার্থীদের সাধারণ বিভাগে গণ্য করার নিয়ম আছে। অর্থাৎ, সংরক্ষিত প্রার্থী সাধারণ কাট-অফ পেরোলে তাঁকে ওপেন ক্যাটাগরিতেই স্থান দিতে হবে, সংরক্ষিত আসন ব্যবহার করা যাবে না। এই নিয়ম দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে ইউপিপিএসসি এক্ষেত্রে তা মানেনি, এমনই অভিযোগ।
আদালত আবেদনকারীদের এই বক্তব্যকে সম্পূর্ণ মান্যতা দিয়েছে। বিচারপতি নির্দেশ দিয়েছেন, প্রিলিমিনারির ফল ঠিক করে আবার প্রকাশ করতে হবে। নতুন মেধাতালিকায় সাধারণ বিভাগের কাট-অফের সমান বা তার বেশি নম্বর পাওয়া, অথচ ওই বিভাগে বাদ পড়া সমস্ত প্রার্থীকে অন্তর্ভুক্ত করতে হবে কমিশনকে।









