ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : নাইকের ঘুরে দাঁড়ানোর লড়াইটা যে এক রাতে শেষ হওয়ার নয়, সেটা এবার নিজের মুখেই স্পষ্ট করে দিলেন সংস্থার সিইও এলিয়ট হিল। এক দশক পর আয়োজিত নাইকের প্রথম বিনিয়োগকারী সম্মেলনে দাঁড়িয়ে তিনি অকপটে স্বীকার করলেন, “আমরা যেখানে পৌঁছতে চাই, এখনও সেখানে নেই।”
একসময় গোটা দুনিয়ার ক্রীড়া পোশাক আর জুতোর বাজারে যাদের নাম শুনলেই চোখে ভাসত সাফল্য, গতি আর স্টাইল, সেই নাইকেই এখন কয়েক বছর ধরে টানা চাপের মুখে। বিক্রি কখনও স্থবির, কখনও কমতির দিকে। শেয়ারের দাম নেমে এসেছে প্রায় ১৩ বছরের সর্বনিম্ন স্তরের কাছাকাছি। আর ক্রেতাদের একটা বড় অংশ এখন চোখ ফেরাচ্ছেন আরও বেশি ট্রেন্ডি, নতুন ধাঁচের স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের দিকে।
২০২৪ সালে সিইওর দায়িত্ব নেওয়ার পর থেকে হিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই হারানো জৌলুস ফেরানো। কিন্তু তার মধ্যেই কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে নতুন করে ছাঁটাইয়ের আশঙ্কা। আগামী বছর আরও এক দফা ছাঁটাই হলে হিলের আমলে সেটাই হবে চতুর্থ দফা। ফলে ভিতরে ভিতরে একটা চাপা উদ্বেগও কাজ করছে।
নাইকের এই সংকট নিজেদেরই তৈরি, মনে করেন Truist Securities-এর বিশ্লেষক জোসেফ সিভেলো। তাঁর মতে, আগের সিইওর আমলে নিজস্ব ওয়েবসাইট ও দোকানের বিক্রি বাড়াতে গিয়ে বাইরের খুচরো বিক্রেতাদের থেকে নাইক দূরে সরে যায়। সেই ভুলের খেসারত এখন দিতে হচ্ছে। হিল এখন কৌশল বদলে খুচরো বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে এগোচ্ছেন।
সিভেলোর মতে, একই পণ্য বারবার বাজারে আনা ও উদ্ভাবনে পিছিয়ে থাকাই নাইকের বড় ভুল। বিক্রি কমার সংকেত দেরিতে ধরায় Brooks Running, On ও Salomon সুযোগ নিয়েছে, নতুনত্ব ও পারফরম্যান্সে ক্রেতাদের জয় করেছে। এখন দৌড়, প্রশিক্ষণ ও বাস্কেটবল পণ্যের পারফরম্যান্সে সর্বোচ্চ জোর দেওয়া হবে। Nike স্পোর্টসওয়্যার, Jordan ও Converse-এও নতুন ডিজাইন ও ভাবনা আনবেন বলে জানিয়েছেন হিল।









