ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভেঞ্জার্স’-এর নতুন ছবি ‘Avengers: Doomsday’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু ছবিটি মুক্তির আগেই টিকিটের দাম শুনে চোখ কপালে উঠছে সিনেমাপ্রেমীদের! মুম্বইয়ের কয়েকটি প্রেক্ষাগৃহে একটি টিকিটের দাম পৌঁছে গিয়েছে ৪০০০ টাকা পর্যন্ত। ফলে সিনেমা দেখতে যাওয়াও যেন এখন বিলাসিতার তালিকায়!
NDTV-র প্রতিবেদন অনুযায়ী, নবি মুম্বইয়ের Cinepolis Nexus Seawoods-এ Infinity Vision 4DX 3D ফরম্যাটের প্রিমিয়াম আসনের টিকিটের দাম ৩০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে রাখা হয়েছে। শোয়ের সময় অনুযায়ী এই দামের পরিবর্তন হচ্ছে। মুম্বইয়ের আরও কয়েকটি প্রেক্ষাগৃহে একই ধরনের 4DX 3D শোয়ের সাধারণ আসনের দাম প্রায় ৩৮০০ টাকা।
তবে 4DX অভিজ্ঞতা এড়িয়ে সাধারণ ফরম্যাটে ছবি দেখতে চাইলে খরচ কিছুটা কম। ওই প্রেক্ষাগৃহে Infinity Vision-এর সাধারণ আসনের টিকিট ১১০০ টাকা, এগজিকিউটিভ আসন ১১২০ টাকা এবং প্রিমিয়াম আসন ১১৪০ টাকা। রিক্লাইনারের জন্য দিতে হচ্ছে ২২৮০ টাকা।
অন্যদিকে, টিকিটের দাম বেশি হলেও ছবির অগ্রিম বুকিংয়ে দুর্দান্ত সাড়া মিলেছে। Sacnilk-এর তথ্য অনুযায়ী, ভারতে অগ্রিম বুকিং থেকে ছবিটির আয় ইতিমধ্যেই ৬১.০৫ কোটি টাকা ছাড়িয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। মুক্তির আগেই টিকিটের এই আকাশছোঁয়া দাম নিয়ে শুরু হয়েছে আলোচনা।









