ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : টোকিওর শিবুয়া মানেই আলো, ভিড়, আর ক্যামেরার ঝলকানি। সেই বিখ্যাত রাস্তায় দাঁড়িয়ে লাইভস্ট্রিম করছিলেন ভারতীয় ইউটিউবার ধৈর্য শাহ। সোশ্যাল মিডিয়ায় যিনি সবার কাছে পরিচিত ‘ফাফড়াভাই’ নামে। হাসিমুখে মানুষের সঙ্গে কথা বলছিলেন, ইংরেজিতে আলাপ জমাচ্ছিলেন, হাজার হাজার দর্শক তখন তাঁর লাইভ দেখছিলেন মোবাইলের স্ক্রিনে। কিন্তু সেই আনন্দের মুহূর্তটাই হঠাৎ বদলে গেল এক তিক্ত অভিজ্ঞতায়।
ধৈর্যের অভিযোগ, হঠাৎই কয়েক জন জাপানি যুবক এসে তাঁকে ঘিরে ধরেন। প্রথমে বিরক্ত করা, তারপর অশালীন মন্তব্য, আপত্তিকর ভাষায় হেনস্থা। লাইভ চলাকালীনই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে। কিন্তু ধৈর্য নিজেকে সামলে রাখেন। তিনি জানিয়েছেন, সেই মুহূর্তে তাঁর মাথায় একটাই ভয় ঘুরছিল, বিবাদ বাড়লে লাইভস্ট্রিম বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাঁকে জাপান ছাড়তেও হতে পারে! তাই রাগ নয়, সম্মান দিয়েই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তিনি।
কিছুক্ষণ পর যুবকেরা সরে যেতে ধৈর্য ভাবলেন, ঝামেলা মিটেছে। তাঁরা জাপানি ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিলেন। কিন্তু আসল আঘাত বাকি ছিল। ধৈর্যের অভিযোগ, তাঁদের একজন ফিরে এসে তাঁর ক্যামেরার দিকে থুতু ছোড়ে। প্রথমে তিনি বুঝতে পারেননি। পরে দেখেন, ট্রাইপডে থুতু লেগে আছে। ঘটনাটিকে তিনি অত্যন্ত অপমানজনক বলে জানিয়েছেন এবং নিজের ভিডিওতে সেই যন্ত্রণার কথা তুলে ধরেছেন ফাফড়াভাই।
ঘটনার পর চুপ করে থাকেননি ধৈর্য। অভিযোগ জানাতে সোজা পুলিশের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও নাকি মেলেনি প্রত্যাশিত সাড়া। তাঁর অভিযোগ, একজন বিদেশি নাগরিক হিসেবে যে ধরনের সহায়তা তিনি আশা করেছিলেন, পুলিশের কাছ থেকে তেমন সাহায্য পাননি।
এখানেই প্রশ্নটি আরও গুরুতর হয়ে উঠছে। সূত্রের দাবি, মাত্র কয়েক মাসের ব্যবধানে জাপানে ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহারের এটি দ্বিতীয় ঘটনা। চলতি বছরের আগস্টে কনটেন্ট ক্রিয়েটর অনন্তের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পরপর দুটি ঘটনায় এখন একটাই প্রশ্ন উঠছে: বিদেশের মাটিতে ভারতীয় ক্রিয়েটররা কতটা নিরাপদ?









