ব্রহ্মোস আতঙ্কে জাতিসংঘে ছুটল তুরস্ক! ভারত-সাইপ্রাস চুক্তি নিয়ে তোলপাড়

ভারত-সাইপ্রাসের সম্ভাব্য ব্রহ্মোস চুক্তি নিয়ে UNGA ও UNSC-তে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানিয়েছে তুরস্ক।

Share:

ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : পূর্ব ভূমধ্যসাগরে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে। ভারতের বিধ্বংসী ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবার পৌঁছে যেতে পারে সাইপ্রাসের হাতে, আর এই খবরেই রীতিমতো ঘুম উড়ে গিয়েছে তুরস্কের। দিল্লি-নিকোসিয়ার মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি আটকাতে এবার সরাসরি জাতিসংঘের দরজায় কড়া নাড়ল আঙ্কারা।

জানা গিয়েছে, ২ নভেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (UNGA) এবং ৪ নভেম্বর নিরাপত্তা পরিষদকে (UNSC) পৃথক পৃথক চিঠি পাঠিয়েছে তুরস্ক। রাষ্ট্রসংঘে তুরস্কের স্থায়ী প্রতিনিধি আহমেদ ইলদিজ স্বয়ং মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ভারতীয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। আঙ্কারার দাবি, এই অঞ্চলে এই ধরনের ভয়ঙ্কর অস্ত্রের আগমন মানেই নতুন করে উত্তেজনার আগুন জ্বলে ওঠা।

তুরস্কের প্রতিরক্ষা মহলের একাংশের উদ্বেগ আরও তীব্র। তাদের মতে, ভারত, ইজরায়েল, সাইপ্রাস ও গ্রিসের প্রতিরক্ষা সহযোগিতা বাড়লে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের প্রভাব কার্যত ফুরিয়ে যাবে। সাইপ্রাসের কাছে ইতিমধ্যে ইজরায়েলের উন্নত বারাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ব্রহ্মোস যুক্ত হলে আঙ্কারার পরিস্থিতি আরও সংকটজনক হবে, মত বিশেষজ্ঞদের।

শুধু তাই নয়, ভারতের সঙ্গে ইজরায়েলের গভীর কৌশলগত সম্পর্ক এবং আর্মেনিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতাও তুরস্কের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ তো এই দেশগুলির ঘনিষ্ঠতাকে সরাসরি ‘তুরস্ক-বিরোধী অক্ষ’ বলেই ব্যাখ্যা করছেন। তাঁদের দাবি, চারপাশ থেকে তুরস্ককে ঘিরে ফেলার এক সুপরিকল্পিত ছক কষা হচ্ছে।

এই আতঙ্কের মূলে দীর্ঘদিনের শত্রুতা। সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে তুরস্কের সমুদ্রসীমা ও সীমান্ত নিয়ে বহু দশকের বিরোধ। আর্মেনিয়ার সঙ্গেও তুরস্কের সম্পর্ক ইতিহাসজুড়ে টানাপোড়েনে ভরা। ইজরায়েলের সঙ্গে সম্পর্ক কখনও উষ্ণ, কখনও সংঘাতময়। এমন পরিস্থিতিতে ভারতের মতো শক্তিশালী দেশ এই শিবিরের পাশে দাঁড়ালে আঙ্কারার অস্বস্তি বাড়বে, এ তো স্বাভাবিক।