ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : হুগলির বাবনানের সূচিশিল্প ‘বাবনানের চিকন’ এবার জিআই স্বীকৃতি পেতে পারে। এই স্বীকৃতির জন্য ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে। প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে; এখন চূড়ান্ত রিপোর্ট ও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এলাকার শিল্পী এবং কারিগররা। সব কিছু ঠিক থাকলে হুগলির হস্তশিল্পের তালিকায় নতুন সংযোজন হতে পারে বাবনানের চিকন।
তবে এখনও চূড়ান্ত জিআই স্বীকৃতি মেলেনি। বাবনান গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ বাড়িতেই সূচের কাজ হয়। কেউ তৈরি করেন টেবিল ক্লথ, কেউ বেড কভার। শাড়ি, চুড়িদার এবং সোফা কভারেও ফুটে ওঠে এই সূক্ষ্ম কারুকাজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন এলাকার কারিগররা। তাঁদের হাতে তৈরি কাজের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা এই শিল্পকে আলাদা পরিচিতি দিয়েছে। বাবনানের চিকনের কাটওয়ার্ক, ঝাঁচ এবং স্যাডো ওয়ার্ক স্টিচ—এই তিন ধরনের সূচিশিল্পের জন্য জিআই স্বীকৃতির আবেদন করা হয়েছে।
‘দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস’ বা WBNUJS-এর তত্ত্বাবধানে আবেদনটি জমা পড়ে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পর স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। লখনউয়ের চিকন ২০০৮ সালে জিআই স্বীকৃতি পেয়েছিল। বাংলার বাবনানের চিকন এতদিন সেই স্বীকৃতি পায়নি। শনিবার প্রেস ক্লাব অফ হুগলিতে ‘বাবনান চিকন’ নামে একটি বই প্রকাশ করেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। বইটিতে এই সূচিশিল্পের ইতিহাস তুলে ধরা হয়েছে। চন্দননগরের জলভরা সন্দেশ, বলাগড়ের নৌকা, জনাইয়ের মনোহরা এবং বেগমপুরের তাঁত ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে। এবার বাবনানের শিল্পীরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে।









