ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : হুথি হামলার আগুনের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত ইসলামাবাদের! সৌদি আরবের মাটিতে পা রাখল পাকিস্তানি সেনা। ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’-এর আওতায় এই মোতায়েন ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে।
তবে একটা কথা প্রথমেই স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান। এই সেনারা ইয়েমেনে গিয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তাদের দায়িত্ব থাকবে শুধুমাত্র সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই। মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলির নিরাপত্তা, আর সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষাই হবে তাদের মূল কাজ। ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, এই প্রতিশ্রুতিতে কোনও নড়চড় হবে না।
সেনাদের পাঠানোর আগে শনিবার ইসলামাবাদে আয়োজন করা হয়েছিল এক বিশেষ বিদায়ী অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই যেন ফুটে উঠল দুই দেশের বন্ধুত্বের গভীরতা। পাকিস্তান সেনার বিবৃতি অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আল-বুগামি, পাকিস্তান সেনার চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উমর আহমেদ বুখারি এবং লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ উমর বশির।
জানা গিয়েছে, এই সপ্তাহেই ইসলামাবাদে ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ নিয়ে বৈঠক হয় দুই দেশের মধ্যে। সেই বৈঠকের পরেই কার্যকর হয়েছে সেনা পাঠানোর এই সিদ্ধান্ত। পাকিস্তানি সেনার বিবৃতিতে বলা হয়েছে, এই মোতায়েন সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটুট অঙ্গীকারের প্রতিফলন।
দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সেনা। ‘হারামাইন শরিফাইন’, অর্থাৎ মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পবিত্রতা রক্ষার সংকল্পেও পাকিস্তান অটল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সেনাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে সৌদি আরবের ভেতরে, দুই দেশের মধ্যে স্থির হওয়া অঙ্গীকার এবং প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো মেনে। বর্তমান নিরাপত্তা উদ্বেগের সময় এই মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছে পাকিস্তান সেনা।









