ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাচ্ছে ভারত। তবে এর অর্থ রুশ তেলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা নয়। বরং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, পরিবহণ খরচ এবং সরবরাহের নির্ভরযোগ্যতা বিবেচনা করে তেল কেনার উৎসে বৈচিত্র্য আনছেন দেশের শোধনাগারগুলি।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, পণ্যবাজার বিশ্লেষণকারী সংস্থা Kpler-এর তথ্য বলছে, জুলাই মাসে রাশিয়া থেকে ভারতের দৈনিক তেল আমদানি ছিল প্রায় ২৮ লক্ষ ব্যারেল। নভেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৬.৫ লক্ষ ব্যারেলে। অন্যদিকে, সৌদি আরব ও ইরাক থেকে সম্মিলিত আমদানি বেড়ে অক্টোবরে ১০.৩ লক্ষ ব্যারেল থেকে নভেম্বরে প্রায় ১৬.১ লক্ষ ব্যারেল হয়েছে।
রুশ তেলের ছাড় কমে যাওয়া এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় আগের মতো আর্থিক সুবিধা পাচ্ছেন না ভারতীয় শোধনাগারগুলি। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে পশ্চিম এশিয়ার তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় বিকল্প উৎস থেকে কেনাকাটাও বাড়ছে। ব্রাজিল ও ভেনেজুয়েলা থেকেও আমদানি বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।
তবে রাশিয়ার তেল পুরোপুরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা দেখছে না Kpler। সংস্থাটির অনুমান, ডিসেম্বরে রুশ তেল আমদানি দৈনিক ১৫–১৭ লক্ষ ব্যারেলের মধ্যে থাকতে পারে। অর্থাৎ, ভারতের লক্ষ্য আমদানি কমানো নয়, বরং খরচ ও সরবরাহের নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা।









