সোনা খুঁজতে গিয়ে মহাজাগতিক চমক! অস্ট্রেলিয়ায় মিলল ৪৬০ কোটি বছরের উল্কাপিণ্ড

সোনা খুঁজতে গিয়ে ১৭ কেজির পাথর পেয়েছিলেন ডেভিড হোল। বিজ্ঞানীরা পরীক্ষা করে জানান, সেটি প্রায় ৪৬০ কোটি বছরের পুরনো মেরিবরো উল্কাপিণ্ড।

Share:

ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : সোনা খুঁজতে গিয়ে হাতে এল ৪৬০ কোটি বছরের মহাজাগতিক ধন! অস্ট্রেলিয়ার মাটিতে লুকিয়ে ছিল সৌরজগতের জন্মের রহস্য!

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের মেরিবরো। একসময় এই এলাকা ছিল সোনার খনির জন্য বিখ্যাত। সেই নেশাতেই ২০১৫ সালের মে মাসে মেটাল ডিটেক্টর হাতে মেরিবরো রিজিওনাল পার্কে ঘুরছিলেন ডেভিড হোল। হলুদাভ মাটির মধ্যে হঠাৎ চোখ আটকে গেল এক লালচে পাথরে। ওজন প্রায় ১৭ কেজি! দেখেই মনে হয়েছিল, এর ভিতরে নির্ঘাত সোনা লুকিয়ে আছে।

কিন্তু সেই পাথরই হয়ে উঠল তাঁর জীবনের সবচেয়ে বড় ধাঁধা। সোনা বের করতে রক স, ড্রিল মেশিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, অ্যাসিড, ভারী হাতুড়ি — কী ব্যবহার করেননি ডেভিড! কিছুতেই ভাঙা গেল না পাথরটিকে। যেন পৃথিবীর কোনো পাথরই নয় এটি, এতটাই শক্ত আর ভারী।

বাড়িতে বহুদিন পড়ে থাকার পর ২০১৮ সালে অবশেষে পাথরটি নিয়ে তিনি মেলবোর্ন মিউজিয়ামে হাজির হন। সেখানেই রহস্যের সূত্র মেলে। ভূতত্ত্ববিদ ডারমট হেনরি ও বিল বার্চ পাথরটি দেখে চমকে ওঠেন। অস্বাভাবিক ভার, গায়ের ছোট গর্ত ও খাঁজ দেখে তাঁদের সন্দেহ হয়, এটি সাধারণ পাথর নয়। ডায়মন্ড করাত দিয়ে ছোট অংশ কেটে পরীক্ষা করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য।

এটি সোনার পাথর নয়, এটি আসলে এক মহাজাগতিক উল্কাপিণ্ড! নাম দেওয়া হল ‘মেরিবরো মেটিওরাইট’। বিজ্ঞানীরা জানালেন, এটি H5 Ordinary Chondrite শ্রেণির পাথুরে উল্কাপিণ্ড। ২০১৯ সালে Proceedings of the Royal Society of Victoria জার্নালে এই আবিষ্কার নিয়ে গবেষণাপত্রও প্রকাশিত হয়।

সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো এর বয়স—বিজ্ঞানীদের মতে প্রায় ৪৬০ কোটি বছর! অর্থাৎ, সৌরজগতের জন্মলগ্নের উপাদানেই গড়া এটি। ধারণা, মঙ্গল ও বৃহস্পতির মাঝের গ্রহাণুপুঞ্জ থেকে এই পাথর ছিটকে এসেছে। এর ভেতরে আছে ক্ষুদ্র গোলাকার খনিজ কণা, যাকে কন্ড্রুল বলে। সৌরজগতের প্রারম্ভিক পর্বে উত্তপ্ত ধুলিকণা গলে, পরে শীতল হয়ে এগুলো গঠিত হয়।