বিচারব্যবস্থার বিরুদ্ধে ‘পরিকল্পিত কুৎসা’! কেজরিওয়াল-সহ আপ নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু

দিল্লি আবগারি মামলায় কেজরিওয়াল ও আপ নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করলেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। বিচারব্যবস্থার বিরুদ্ধে 'কুৎসার' অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এবার নতুন মোড়। আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এই নির্দেশ দেন। কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, বিনয় মিশ্র এবং সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

বিচারপতি স্বর্ণকান্ত শর্মা অত্যন্ত কড়া ভাষায় আপ নেতাদের সমালোচনা করে বলেন, অরবিন্দ কেজরিওয়াল সুপরিকল্পিত ভাবে বিচারব্যবস্থার বিরুদ্ধে ‘কুৎসা’ করেছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে এই পরিকল্পিত কুৎসা শুধুমাত্র তাঁর বিরুদ্ধে নয়, বরং সমগ্র বিচারব্যবস্থা এবং বিচার প্রক্রিয়ার বিরুদ্ধেই করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর দেওয়া একটি বক্তৃতা বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বিচারপতি। এই আচরণকে ‘আদালত অবমাননা আইন’-এর ২-এর গ (2C) ধারার অধীনে ফৌজদারি অপরাধের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে, বিচারপতি স্বর্ণকান্ত শর্মা মূল আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিভিশন পিটিশনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানান, আইন অনুযায়ী যে বিচারপতি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করেন, তিনি মূল মামলার শুনানি করতে পারেন না। তিনি বলেন, “এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমাকে রুখে দাঁড়াতে হতো এবং আমি তা করেছি।” আইন বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টির প্রবণতার বিরুদ্ধে এটি একটি কড়া বার্তা। এই প্রক্রিয়ার জেরে আবগারি দুর্নীতি মামলার ভবিষ্যৎ গতিপথ কী হয়, এখন সেটাই দেখার।