আরজি কর কাণ্ড: গ্রেফতারি এড়াতে হাইকোর্টে তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়

আরজি কর কাণ্ডে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ আরজি কর কাণ্ডে নতুন মোড়, গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি মিলেছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আরজি কর কাণ্ডের তদন্তে নতুন করে গতি এসেছে।

সম্প্রতি এই মামলার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, যা রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। মৃত চিকিৎসকের পরিবার শিয়ালদহ আদালতে নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের করেছিল। সেই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ঘনিষ্ঠ সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র বিরুদ্ধে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকা ও প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়।

রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা চিকিৎসকের দেহ দাহ করার সময় পানিহাটি শ্মশানঘাটের নথিতে সঞ্জীবের সই ছিল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই তিনি এখন আইনি জটিলতায়। সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। আইনজীবীর আরও অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর তাঁর মক্কেলের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এক সময়ে সিপিএমের কাউন্সিলর ছিলেন সঞ্জীব, পরে দলহীন হয়ে ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তিনি গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন। এখন দেখার, হাইকোর্ট এই মামলায় কী রায় দেয়।