ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেশের অন্যতম ব্যস্ততম শিয়ালদহ স্টেশনকে হকারমুক্ত করার এক বড় উদ্যোগ নিল পূর্ব রেল। রবিবার স্টেশনের সমস্ত প্ল্যাটফর্ম এবং প্রবেশপথের চত্বর থেকে ২৫০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে শিয়ালদহ ডিভিশনের লক্ষ লক্ষ নিত্যযাত্রী স্বস্তি পেয়েছেন।
রেলওয়ে বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখা মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ লক্ষ যাত্রী যাতায়াত করেন এবং ৮৮৫ থেকে ৯২১টি লোকাল ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে। দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম জুড়ে হকারদের পসরা বসার কারণে যাত্রীদের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছিল। নোংরা ফেলা এবং পথ অবরুদ্ধ হওয়ার ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। এর আগে শাসকদলের ইউনিয়নগুলির দাপট এবং রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে রেল বারবার চেষ্টা করেও এই হকারদের সরাতে পারছিল না। তবে এবার কড়া পদক্ষেপ নেওয়ার আগে হকারদের আইনি নোটিস ধরিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। অনেকেই নিজে থেকে সরে যান,
তবে যারা শেষ মুহূর্ত পর্যন্ত টালবাহানা করছিলেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশন চত্বর যাতে ভবিষ্যতে আবার বেদখল না হয়, তার জন্য আরপিএফ ও রেল পুলিশের যৌথ নজরদারি চালানো হবে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এটিকে ‘দিন আনা দিন খাওয়া মানুষদের পেটে লাথি মারা’ বলে তীব্র বিরোধিতা করেছেন।








