ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি এফআইআর-এর পরিপ্রেক্ষিতে অভিষেকের আইনজীবীরা আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য পুলিশ অভিষেকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ (No Coercive Action) করতে পারবে না।
আদালত আরও জানিয়েছে, এই মুহূর্তে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে। অভিষেকের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সহ একাধিক সম্পত্তিতে কলকাতা পুরসভার ডিমোলিশন নোটিস পাঠানো নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই আইনি লড়াইয়ে এই স্বস্তি পেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। যদিও এই স্বস্তির পাশাপাশি হাইকোর্ট অভিষেকের উপর কিছু শর্তও আরোপ করেছে। নির্দেশনামায় বলা হয়েছে, অভিষেককে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তাঁকে সাড়া দিতে হবে এবং পুলিশের নোটিসের আইনসম্মত উত্তর দিতে হবে।
এছাড়াও, আদালতের আগাম অনুমতি ছাড়া অভিষেক রাজ্যের বা দেশের বাইরে যেতে পারবেন না। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন বা কোনও শর্ত লঙ্ঘন করেন, তবে পুলিশ আদালতের দ্বারস্থ হয়ে এই সুরক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানাতে পারবে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলানোর পর থেকেই তৃণমূল শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পুরনো ও নতুন মামলার ফাইল খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেকের আগাম জামিনের আবেদন এবং আদালতের এই নির্দেশ বঙ্গ রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।








