ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: দীপান্বিতা অমাবস্যার রাতে যখন দেশজুড়ে কালীপুজো ও দীপাবলির উৎসব চলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ছবি দেখা যাচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। শহরের পাটরাপাড়ার রক্ষিত পরিবারে এই সময়েই শুরু হয়ে গেছে দুর্গাপুজো। প্রায় দু’শো বছরেরও বেশি সময় ধরে এই পরিবারে দীপান্বিতা অমাবস্যায় পারিবারিক দুর্গাপুজো করার এক বিশেষ রীতি চলে আসছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এই পুজোর সূচনা হয়েছিল এক অলৌকিক স্বপ্নাদেশকে কেন্দ্র করে। প্রায় দু’শো বছর আগে
এই পরিবারের এক পূর্বপুরুষ পুরুলিয়ার জঙ্গলে তসর সংগ্রহের সময় এক গাছের নীচে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে তিনি দেবী দুর্গার দর্শন পান এবং তাঁকে দীপান্বিতা অমাবস্যায় বাড়িতে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করার নির্দেশ পান। স্বপ্নে তিনি দেবীর সপরিবার মূর্তিও দেখতে পান। এরপর থেকেই দেবীর সপরিবার প্রতিমা তৈরি করে এই পরিবারে দীপান্বিতা অমাবস্যায় দুর্গাপুজো শুরু হয়।
রীতি মেনে অমাবস্যায় শুরু হওয়া এই পারিবারিক পুজো চারদিন ধরে চলে। যেহেতু দেবী এই পরিবারের ঘরের মেয়ে, তাই ভাইফোঁটার আগে প্রতিমা বিসর্জন হয় না। এই পুজোয় যোগ দেওয়া আত্মীয়-স্বজনদেরও বিসর্জনের আগে বাড়ি ফেরা নিয়ম বিরুদ্ধ। দু’শতাব্দী পেরিয়ে গেলেও আজও এই ঐতিহ্য অন্যথা হয় না।










