ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ : মার্ক জুকারবার্গের সংস্থা মেটা (Meta) সম্প্রতি এক ধাক্কায় প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে, যা সংস্থার মোট কর্মীর প্রায় ১০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ভবিষ্যতের দিকে দ্রুত এগোতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই ছাঁটাইয়ের চেয়েও বেশি বিতর্ক সৃষ্টি করেছে কর্মীদের কাছে পাঠানো শেষ ইমেলের ভাষা।
ছাঁটাই হওয়া কর্মীদের কাছে পাঠানো ওই মেলে লেখা ছিল, “আপনি যদি এই মুহূর্তে অফিসে থাকেন, তবে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যান।” এই বার্তাকে বহু কর্মী ‘অপমানজনক’ ও ‘অমানবিক’ বলে কটাক্ষ করেছেন। ভোর চারটে নাগাদ কর্মীদের কাছে এই ইমেল পৌঁছয়, যেখানে স্পষ্ট জানানো হয়, “দুর্ভাগ্যজনকভাবে আপনার ভূমিকা সংস্থার পুনর্গঠনের জন্য আর প্রয়োজনীয় নয়।” মেলের আনুষ্ঠানিক ও নিরাবেগ ভাষা কর্মীদের মনে গভীর আঘাত হেনেছে। উল্লেখ্য, বেশিরভাগ কর্মী তখন বাড়ি থেকে কাজ করছিলেন, তাই এমন নির্দেশ কেন দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেটার মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার।
সূত্রের খবর, কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়ার পরই সিঙ্গাপুর দপ্তর থেকে এই মেল পাঠানো হয়। শুধু ছাঁটাই নয়, আরও কয়েক হাজার কর্মীকে অন্য বিভাগে স্থানান্তর করা হচ্ছে এবং প্রায় ৬ হাজার শূন্য পদ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থার কর্তা জ্যানেল গেল জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীদের জায়গায় নতুন AI-কেন্দ্রিক টিম তৈরি করা হচ্ছে। প্রযুক্তি মহলের একাংশের মতে, অফিসে উত্তেজনা এড়াতেই ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছিল। এটি শুধু শুরু, বছরের শেষের দিকে আরও ছাঁটাইয়ের আশঙ্কা করা হচ্ছে।








