একাধিক পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়ের, নিশানায় অরূপ বিশ্বাস

একাধিক পদ থেকে ইস্তফা দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসকে আক্রমণ করে বর্তমান ক্রীড়ামন্ত্রীর প্রশংসা করলেন তিনি। 'এক ব্যক্তি এক পদ' নীতি লঙ্ঘনের অভিযোগ ছিল।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ একাধিক ক্রীড়া সংস্থার পদ আঁকড়ে থাকার অভিযোগের মধ্যেই অবশেষে বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি লঙ্ঘনের অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। ইস্তফা দেওয়ার পরই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তীব্র আক্রমণ করেন বাবুন। একইসঙ্গে বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিকের প্রশংসা শোনা যায় তাঁর মুখে।

এদিন  বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সময় অরূপ বিশ্বাস ষড়যন্ত্র করে তাঁকে হারিয়েছিলেন। তাঁর অভিযোগ, অরূপ বিশ্বাসের থেকে তিনি কোনও সাহায্য পাননি, বরং মদন মিত্র ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তাঁকে অনেক সাহায্য করেছিলেন। বাবুন আরও বলেন, “অরূপ বিশ্বাসের থেকেও বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক অনেক ভাল। তাঁর কাজকর্ম আমার ভাল লেগেছে।” তিনি এও উল্লেখ করেন যে অরূপ বিশ্বাস তাঁকে রবীন্দ্র সরোবরে একটি অবৈধ ক্লাব দিয়েছিলেন।

কিছুদিন আগেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইওএ-র ‘এক ব্যক্তি এক পদ’ নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব, রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রেসিডেন্ট, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিব—একাধিক পদে ছিলেন তিনি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস জানান, এই নীতি অনুযায়ী বাবুন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুও এখনও একাধিক ক্রীড়া পদে আসীন রয়েছেন। এই ইস্তফার ফলে ক্রীড়া মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।