২০ কোটি টাকা আমার সঞ্চয়ের বড় অংশ! কেকেআর কেনা নিয়ে শাহরুখের দ্বিধা ছিল, ফাঁস করলেন ললিত মোদী

আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স কিনতে ২০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে দ্বিধায় ছিলেন শাহরুখ খান। ললিত মোদীর দাবি, ক্রিকেট না বোঝায় কিং খান প্রথমে রাজি ছিলেন না।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ আজকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) হাজার হাজার কোটি টাকার এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য। সম্প্রচার স্বত্ব থেকে স্পনসরশিপ, ফ্র্যাঞ্চাইজি মূল্য—সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম সফল ক্রীড়া প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স (KKR), যা এখন মাঠে ও মাঠের বাইরে সমানভাবে উজ্জ্বল। তবে, এই দলের যাত্রা শুরুর গল্পটা মোটেও মসৃণ ছিল না।

আইপিএলের অন্যতম স্থপতি ললিত মোদীর সাম্প্রতিক দাবি অনুযায়ী, কেকেআর গঠনের সময় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে রাজি করাতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছিল। ললিত মোদী জানিয়েছেন, শাহরুখ খান নাকি ক্রিকেট বিশেষ পছন্দ করতেন না। উপরন্তু, প্রাথমিক বিনিয়োগ হিসেবে ২০ কোটি টাকা দিতেও তাঁর মনে ছিল একরাশ দ্বিধা। “২০ কোটি টাকা আমার সঞ্চয়ের একটা বড় অংশ,” শাহরুখ নাকি এমনটাই বলেছিলেন মোদীকে। ‘

হিউম্যানস অফ বম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ললিত মোদী জানান, আইপিএল শুরুর প্রায় এক বছর আগে তিনি শাহরুখকে একটি আন্তর্জাতিক ম্যাচ দেখতে জয়পুরে নিয়ে যান। সেখানে দর্শকরা শাহরুখকে দেখে উন্মাদ হয়ে ওঠেন, যা মোদীকে ক্রিকেট ও বলিউডকে একসঙ্গে আনার পরিকল্পনায় আরও জোর দেয়। মোদী মনে করেন, ভারতে দুটি জিনিস বিক্রি হয়—ক্রিকেট আর বলিউড। শাহরুখ প্রথমে বলেছিলেন, “আমি তো ক্রিকেট বুঝি না।” মোদী তাঁকে আশ্বস্ত করেন যে দল গঠন ও অন্যান্য ব্যবস্থা তিনি নিজেই করে দেবেন।

বিনিয়োগের প্রসঙ্গে শাহরুখের দ্বিধা কাটাতে ললিত মোদী এক অভিনব উপায় বের করেন। সেই সময় মোবাইল সংস্থা নোকিয়া শাহরুখকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চাইছিল। মোদী নোকিয়াকে প্রস্তাব দেন যে শাহরুখ যদি একটি দল কেনেন, তাহলে তারা জার্সির সামনের অংশ স্পনসর করতে পারবে কিনা। নোকিয়া ৫০ লক্ষ ডলার অগ্রিম দিতে রাজি হয়। এভাবেই শাহরুখের বিনিয়োগের পথ সুগম হয় এবং কেকেআর-এর জন্ম হয়। বাকিটা এখন ইতিহাস।