অভিষেকের সম্পত্তি মামলায় হাইকোর্টের বড় নির্দেশ: ৭ দিনের মধ্যে তথ্য চাইল পুরনিগম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। ৭ দিনের মধ্যে পুরনিগমকে তথ্য জমা দিতে হবে, তারপর মালিকদের জবাব।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত এক মামলায় বড় নির্দেশ দিয়েছে। বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ কলকাতা পুরনিগমকে নির্দেশ দিয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি রয়েছে, সম্পত্তির কতখানি অংশ জুড়ে সমস্যা এবং কোন অংশ নিয়ে আপত্তি, সেই বিষয়ক সমস্ত তথ্য জানাতে হবে।

একইসঙ্গে, সম্পত্তির মালিকদেরও এই বিষয়ে জবাব দিতে হবে। কয়েকদিন আগে কলকাতা পুরনিগমের তরফে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছিল। এই নোটিশ আসার পর ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এই নিয়ে আমি মামলা করব। আমার অধিকার আছে। বিচারব্যবস্থার দ্বারস্থ হব। লিখিতভাবে আমি পুরসভাকে আমার জবাব দিয়ে দিয়েছি।” এরপর অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায় এই নোটিশ বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

তাঁদের দাবি ছিল, বৈধভাবে তৈরি বাড়িতে বেআইনি নির্মাণের নোটিশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বাড়ির কতখানি অংশ অবৈধ, সেই তথ্য জানার পর আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পত্তির মালিকরা নিজেদের জবাব জানাবেন। এই মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর ধার্য করা হয়েছে। তবে, বিচারপতি স্মিতা দাস দে পর্যবেক্ষণে জানিয়েছেন যে, এই সময়ের মধ্যে পুরনিগম অবৈধ নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ চালাতে পারবে। এই নির্দেশ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন দেখার, হাইকোর্টের এই নির্দেশের পর মামলা কোন দিকে মোড় নেয় এবং অভিষেকের পরিবার কী পদক্ষেপ নেয়।