ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ মালদা জেলার কালিয়াচক থানার হাজিনগর খাস চাঁদপুর এলাকায় মারপিটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম হাসমত শেখ (৬১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সংঘর্ষে আহতদের প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাঁচজনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কালিয়াচক-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ শেখও রয়েছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও হাজিনগর খাস চাঁদপুর এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং শান্তি বজায় রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা থাকলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।









