সুরেন্দ্রনাথ কলেজে ছাত্রীদের শোষণ ও দুর্নীতি: পাঁচতলার পর এবার চারতলায় অপরাধ চক্রের হদিশ!

সুরেন্দ্রনাথ কলেজে পাঁচতলার পর এবার চারতলায় ছাত্রীদের শোষণ, বহিরাগতদের দৌরাত্ম্য ও ভর্তিতে কাটমানির অভিযোগ। এবিভিপি-র বিক্ষোভ, কর্তৃপক্ষের পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে  সম্প্রতি একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। পাঁচতলার বিতর্কিত ‘শোয়ার ঘর’ ও ইউনিয়ন রুম থেকে সুটকেস ভর্তি টাকা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার কলেজের চারতলাকে ঘিরেও গুরুতর অভিযোগ উঠেছে। পড়ুয়াদের দাবি, চারতলার ক্লাসরুমগুলিতে পঠনপাঠনের আড়ালে চলত এক গভীর অসামাজিক চক্র।

অভিযোগ, কিছু প্রাক্তন ছাত্র ও বহিরাগতদের নিয়মিত যাতায়াত ছিল চারতলার ফাঁকা ঘরগুলিতে। নতুন শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রীদের তালিকা তৈরি করে তাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হত, এমনকি শারীরিক শোষণের অভিযোগও উঠেছে। প্রতিবাদ করলে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হত। এক ছাত্রীর দাবি, তাঁর এক বান্ধবী এই চক্রের শিকার হলে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় সালিশি সভার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেন। ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি।

পাশাপাশি, ১৪৪ বছরের প্রাচীন এই কলেজে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকার কাটমানি চক্রের হদিশ মিলেছে। অনলাইন পোর্টাল চালু থাকা সত্ত্বেও কিছু আসন গোপনে আটকে রেখে মাইক্রোবায়োলজি ও ভূগোলে ভর্তির জন্য ৬০ হাজার থেকে দেড় লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) কলেজে তীব্র বিক্ষোভ দেখায়। তারা শিক্ষার পরিবেশ ফেরানো এবং ছাত্র সংসদের তহবিলের টাকা অডিট করার দাবি জানায়।

সুরেন্দ্রনাথ আইন কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে গোটা ক্যাম্পাসে সিসিটিভি, বিশেষ চিপযুক্ত পরিচয়পত্র ও ‘ভিজিটর স্লিপ’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কলেজ পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ।